২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে (চতুর্থ বিষয় বাদে) অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হবে আগামী ১ ডিসেম্বর। এ পরীক্ষায় অংশ নিতে অনলাইনে ফরম পূরণ করতে হবে ৫ থেকে ৯ নভেম্বরের মধ্যে। পরীক্ষার ফি সোনালী ব্যাংকের সোনালী সেবার মাধ্যমে জমা দেওয়া যাবে ১০ নভেম্বর পর্যন্ত।
বুধবার (৪ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিতে পারবেন। এ জন্য ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রকাশ করা হবে। ওই তালিকা থেকে ৫ থেকে ৯ নভেম্বরের মধ্যে অনলাইনে পরীক্ষার্থী নির্বাচন ও ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করতে হবে।
পরীক্ষার ফি জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত পরীক্ষার্থী তালিকা প্রিন্ট করার সুযোগ চালু হবে। এরপর তালিকা যাচাই করে পরীক্ষার্থীদের স্বাক্ষর নিতে হবে। প্রতিটি পৃষ্ঠায় প্রতিষ্ঠানপ্রধানের স্বাক্ষরসহ চূড়ান্ত তালিকার এক কপি শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে সোনালী সেবার মাধ্যমে ফি জমার রসিদও সংরক্ষণ করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, একই নামের একাধিক শিক্ষার্থী থাকলে রেজিস্ট্রেশন নম্বর যাচাই করে প্রকৃত পরীক্ষার্থী নির্বাচন করতে হবে। এ ক্ষেত্রে ভুলের কারণে অন্য কোনো শিক্ষার্থীর নাম নির্বাচিত হলে তার দায়ভার প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে।
সাপ্লিমেন্টারি পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রণীত ২০২৬ সালের পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুসরণ করা হবে। আর অনিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা হবে ২০২৫ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী।
পরীক্ষার ফি হিসেবে প্রতি পত্রের তত্ত্বীয় বিষয়ের জন্য ১২৫ টাকা এবং ব্যবহারিক বিষয়ের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া কেন্দ্র ফি বাবদ প্রত্যেক পরীক্ষার্থীকে ৪৫০ টাকা দিতে হবে। কেন্দ্র ফি সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিতে হবে।
বোর্ডের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষার যাবতীয় ফি ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের অনুকূলে সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে। নগদ টাকা, পে-অর্ডার, পোস্টাল অর্ডার, মানি অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে না। নির্ধারিত সময়ের পর পরীক্ষার ফি ও প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করা হবে না।

ডেস্ক রিপোর্ট 






















