দুমকি প্রতিনিধি:পটুয়াখালীর দুমকিতে লেবুখালী পায়রা সেতু টোলপ্লাজা চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ মো. আল আমিন মৃধা (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত সোয়া ১২টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের লেবুখালী টোলপ্লাজার উত্তর পাশে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দুমকি থানার এসআই সজিব হোসেন লেবুখালী টোলপ্লাজা চেকপোস্টে রাত্রিকালীন ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, একজন মাদক ব্যবসায়ী মোটর সাইকেলযোগে মাদকদ্রব্য নিয়ে পটুয়াখালীর দিকে আসছেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে রাত ১২টা ১৫ মিনিটে একটি কালো রঙের Honda Hornet মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-৭৬-০৫২১) থামানো হয়।
পরে তার দেহ তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃত মো. আল আমিন মৃধা যশোর জেলার চৌগাছা থানার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর মৃধা পাড়া এলাকার মৃত আবু বক্কর মৃধার ছেলে।
এ ঘটনায় দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মামলা নং-৬, তারিখ- ৮ নভেম্বর ২০২৬, জিআর নং-১০৯।
দুমকি থানার ওসি সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসমীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 























