গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাজুখান এলাকায় ১৬ বছর ধরে এমন মর্মান্তিক ও হৃদয়বিদারক জীবন কাটাচ্ছেন মমতাজ বেগম ও তার পরিবার।
একসময় ডিগ্রি পাস করে রাজধানীর অগ্রণী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় চাকরি করতেন মমতাজের মেয়ে সালেহা আক্তার। কিন্তু আকস্মিক মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় তার স্বামী তিন মাসের সন্তানসহ তাকে ছেড়ে চলে যান এবং স্বজনরাও মুখ ফিরিয়ে নেন।
মেয়ের উশৃঙ্খল আচরণ ও নিরাপত্তার কথা চিন্তা করে নিরুপায় হয়ে বৃদ্ধা মা ঘরের ভেতর শিকল দিয়ে বেঁধে রেখেছেন তার ডিগ্রিধারী মেয়েকে এবং নাতিকে আটকে রেখেছেন ঘরে।
বয়সের ভারে শরীর না চললেও এবং চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলেও মেয়ে ও নাতির মুখে দুমুঠো অন্ন তুলে দিতে বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করছেন মমতাজ বেগম।
চার মাসের ঘরভাড়া বকেয়া থাকায় বাড়িওয়ালার তাগাদা শুনতে হচ্ছে। এছাড়া জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জটিলতার কারণে সরকারি কোনো বয়স্ক বা প্রতিবন্ধী ভাতাও জুটছে না তাদের কপালে।
নিজের মৃত্যুর পর এই পাগল মেয়ে ও নাতি কোথায় যাবে এবং তাদের ঠাঁই কোথায় হবে এই চিন্তায় প্রতিনিয়ত বুক ফেটে কান্না আসছে অসহায় বৃদ্ধা মায়ের।

ডেস্ক রিপোর্ট 




















