‘হোক কলরব’ অ্যালবামের দুই দশক পূর্তি উপলক্ষে সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের বিশেষ কনসার্ট ঘিরে দর্শকদের তিক্ত অভিজ্ঞতার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার বলরুমে আয়োজিত এই কনসার্টে টিকিট কিনেও দাঁড়িয়ে গান শোনা, সাউন্ড সিস্টেমের সমস্যা ও অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন দর্শক।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে তাদের অসন্তোষের চিত্র উঠে এসেছে। এমনকি আয়োজকদের উদ্দেশে দর্শকদের দুয়োধ্বনি দেওয়ার দৃশ্যও দেখা গেছে। এই কনসার্টের আয়োজক টোয়েন্টিজ কমিউনিকেশনস।
কনসার্ট নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়ে এক দর্শক জানিয়েছেন, জনপ্রতি ২ হাজার টাকা করে ছয়টি টিকিট কিনে ছয়জন এসেছেন। কিন্তু পাঁচ তারকা হোটেলের বলরুমে কনসার্ট দেখতে এসে তাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
কনসার্ট শুরুর আগ মুহূর্তের একটি ছবিতে দেখা যায়, বসার কোনো চেয়ার নেই; হলের ভেতরে অনেক দর্শক মেঝেতে বসে আছেন। সামনের দিকে কয়েকজন দাঁড়িয়ে রয়েছেন।
২০০৬ সালে প্রকাশিত অর্ণবের জনপ্রিয় একক অ্যালবাম ‘হোক কলরব’। অ্যালবামটির দুই দশক পূর্তি উপলক্ষে এই বিশেষ কনসার্টের আয়োজন করে টোয়েন্টিজ কমিউনিকেশনস। এর আগে ২০ নভেম্বর অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও শিল্পীর ব্যক্তিগত জীবনের জরুরি পরিস্থিতির কারণে তারিখ পরিবর্তন করে ২৭ নভেম্বর নির্ধারণ করা হয়।
কনসার্টে অর্ণবের পাশাপাশি সংগীত পরিবেশনার কথা রয়েছে আহমেদ হাসান সানি, মাশা ইসলাম ও সুনিধি নায়েকের। বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠান চলার কথা রয়েছে।

ডেস্ক রিপোর্ট 























