বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবুল কালাম বলেছেন, তিনি নির্বাচিত হলে লাকসামকে জেলা এবং মনোহরগঞ্জকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি নবাব ফয়জুন্নেছা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, লাকসামে ইকোনমিক জোন ঘোষণা এবং মনোহরগঞ্জকে মহাসড়কের সঙ্গে সংযুক্ত করার মতো যুগান্তকারী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
সোমবার সন্ধ্যা ৭টায় লাকসাম পাইলট স্কুল মাঠে নির্বাচনী শেষ জনসভা শেষে লাকসাম–মনোহরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে আবুল কালাম তার নির্বাচনী সর্বশেষ অবস্থান, ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে শতভাগ বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা তার নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। এ বিষয়ে তিনি কোনো ধরনের আপস করবেন না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি মজির আহমেদ, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সিনিয়র সহ-সভাপতি ডা. নুর উল্লাহ রায়হান, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, আজকের জীবন পত্রিকার সম্পাদক শফিকুর রহমান শফিক, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার জাহান দোলনসহ লাকসাম-মনোহরগঞ্জে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
সংবাদ সম্মেলনে নেতাকর্মী ও সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নির্বাচনী মাঠে ধানের শীষের পক্ষে জনসমর্থনের শক্ত অবস্থানকে আরও স্পষ্ট করে তোলে।

ডেস্ক রিপোর্ট 






















