চলতি এপ্রিল মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তাপমাত্রার পারদ বেশ চড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, এ মাসে দেশের ওপর দিয়ে এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে একটি ঘূর্ণিঝড়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় গত বুধবার এই পূর্বাভাস দেওয়া হয়। অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত এপ্রিলের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়, এপ্রিল মাসে দেশে দুই থেকে চারটি মৃদু বা মাঝারি এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তীব্র তাপপ্রবাহের ক্ষেত্রে তাপমাত্রার পারদ ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তবে দিন ও রাতের গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সমুদ্রের আবহাওয়া নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া কালবৈশাখীর দাপটও দেখা দিতে পারে এ মাসে। দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টিসহ পাঁচ থেকে সাত দিন হালকা বা মাঝারি এবং এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে বিদায়ী মার্চ মাসে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিকের চেয়ে ৩১ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। গত মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যশোরে ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস।

ডেস্ক রিপোর্ট 























