পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি বলেছেন, “আমি প্রশাসক নই, আমি আপনাদের সেবক। মানুষের কল্যাণে কাজ করাই আমার দায়িত্ব।” তিনি বলেন, বিগত সরকারের সময়ে ব্যাংকিং খাতে ব্যাপক অরাজকতা সৃষ্টি হয়েছিল এবং সাধারণ মানুষের আমানতের অর্থ লুটপাট করা হয়েছে। ভবিষ্যতে জনগণের সহযোগিতায় ব্যাংকিং খাতকে আরও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হবে।
আজ দুপুরে পটুয়াখালীতে অগ্রণী ব্যাংক পিএলসি, পটুয়াখালী অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান এএম মাজহারুল কবিরের বদলিজনিত বিদায় এবং মো. মনিরুজ্জামান মোল্লার যোগদান উপলক্ষে আয়োজিত বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সহকারী মহাব্যবস্থাপক কৃত্তিবাস নাগের সভাপতিত্বে এবং মো. শাহআলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ব্যাংক গ্রাহক মো. জয়নাল আবেদীন গাজী, রেজভী জামান, সুভাষ চন্দ্র, ব্যাংক কর্মকর্তা মো. নজমুল হাসান, মো. হুমায়ুন কবির, মো. রাশেদুল হাসান খান, হাসানুজ্জামান, ইমাম হোসেন, মো. মফিজউদ্দিন, খানম-ই-জান্নাত আরা, আ. কাদের, মো. সোহেল রানা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে স্নেহাংশু সরকার কুট্রি বলেন, সরকার তাকে দায়িত্ব দেওয়ার পর থেকেই তিনি পটুয়াখালীর উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। তিনি জানান, ইতোমধ্যে স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পটুয়াখালীতে আন্তর্জাতিক মানের একটি বাস টার্মিনাল নির্মাণের জন্য অর্থ বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া গ্রামীণ মানুষের সুপেয় পানির কষ্ট লাঘবে ৩ হাজার টিউবওয়েল বরাদ্দের বিষয়েও কাজ শুরু হয়েছে।
তিনি আরও বলেন, তার লক্ষ্য দৃশ্যমান উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে সরকারের উন্নয়ন মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
বক্তব্যে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদদের প্রতিও সম্মান জানান। তিনি বলেন, “যারা দেশের জন্য জীবন দিয়েছেন, তাদের ত্যাগের কারণেই স্বাধীনতা অর্জিত হয়েছে—তাই তাদের প্রতি জাতির শ্রদ্ধা চিরন্তন।”
সভায় বক্তারা জানান, অগ্রণী ব্যাংকের বিভিন্ন শাখা থেকে নেওয়া ক্ষুদ্র ঋণের মাধ্যমে অনেক ছোট উদ্যোক্তা স্বাবলম্বী হয়েছেন এবং সমাজের উন্নয়নে ভূমিকা রাখছেন। অনুষ্ঠানে পটুয়াখালী নিউ মার্কেটের এক সময়ের ক্ষুদ্র ডিম ব্যবসায়ী সুভাষ চন্দ্র অগ্রণী ব্যাংক থেকে ঋণ নিয়ে নিজের জীবনে সফলতার গল্প তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন বাদল, জেলা বিএনপি নেতা মো. মিজানুর রহমান, খন্দকার কাজল, মো. ফিরোজসহ ব্যাংকের গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারীরা।

ডেস্ক রিপোর্ট 






















