খাগড়াছড়ি শহরের চেঙ্গি স্কয়ার এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি বস্তায় বন্দি ২৪টি গুইসাপ উদ্ধার করেছে বন বিভাগ। এ ঘটনায় প্রেমম্রাসো মারমা (৪৭) নামে এক নারীকে আটক করা হয়েছে। উদ্ধার গুইসাপগুলোর মধ্যে ১৪টি মৃত এবং ১০টি জীবিত ছিল।
বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চেঙ্গি স্কয়ার এলাকায় অভিযান চালিয়ে এসব গুইসাপ উদ্ধার করা হয়। পরে জীবিত গুইসাপগুলো খাগড়াছড়ির আলুটিলা রিজার্ভ ফরেস্টে অবমুক্ত করা হয়। মৃত ১৪টি গুইসাপ মাটিচাপা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
আটক প্রেমম্রাসো মারমা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বন বিভাগকে জানিয়েছেন, বারইয়ারহাট থেকে গুইসাপগুলো কিনে খাগড়াছড়িতে নিয়ে এসেছিলেন। স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে এগুলো আনা হয়। প্রতি কেজি গুইসাপ প্রায় ৪০০ টাকা দরে বিক্রি করা হয় বলেও তিনি জানান।
খবর পেয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সহকারী কমিশনার দুর্জয় গোস্বামী জানান, আটক নারীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে বন বিভাগ বাদী হয়ে নিয়মিত মামলা করবে। উদ্ধার করা জীবিত গুইসাপগুলো অবমুক্ত করা হয়েছে।
খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, উদ্ধার হওয়া গুইসাপগুলো বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে। আটক নারীর বিরুদ্ধে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০২৬’ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, বন্যপ্রাণী প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকবে। কেউ বন্যপ্রাণী ধরতে বা শিকার করতে পারবে না। কেউ বন্যপ্রাণী ধরলে বা শিকার করলে তার বিরুদ্ধে বন বিভাগ আইনগত ব্যবস্থা নেবে।
বন বিভাগ জানিয়েছে, বন্যপ্রাণী পাচার ও অবৈধভাবে শিকার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বন্যপ্রাণী শিকার, ধরা এবং বেচাকেনা থেকে বিরত থাকার জন্যও সবাইকে আহ্বান জানানো হয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















