ক্রীড়া প্রতিবেদক: ইংল্যান্ড লায়ন্সের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন জনাথন ট্রট। অ্যান্ড্রু ফ্লিনটফের ছেড়ে যাওয়া পদে দায়িত্ব নিয়েছেন ইংল্যান্ডের সাবেক এই ব্যাটসম্যান।
শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ড লায়ন্সের সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ট্রট। তার অধীনে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জেতে লায়ন্স। এবার স্থায়ীভাবে দলটির দায়িত্ব পেলেন ৪৫ বছর বয়সী এই কোচ।
২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত আফগানিস্তানের প্রধান কোচ ছিলেন ট্রট। তার অধীনে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠে আফগানিস্তান। ইংল্যান্ডের কোচিং স্টাফেও কাজ করার অভিজ্ঞতা আছে তার। এ ছাড়া জুলাইয়ে আয়ারল্যান্ডের সঙ্গে স্বল্পমেয়াদে পরামর্শক হিসেবেও কাজ করেছেন তিনি।
ইংল্যান্ড লায়ন্সের ব্যস্ত শীতকালীন সূচিতে থাকছে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সফর। ২৭ অক্টোবর থেকে ২১ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে লায়ন্স। এরপর ২৫ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে ও প্রথম শ্রেণির ম্যাচ খেলবে দলটি। সবশেষে ২০২৭ সালের ১৮ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ শ্রীলঙ্কা সফর করবে তারা।
ইংল্যান্ডের হয়ে ৫২টি টেস্ট ও ৭৫টি সাদা বলের ম্যাচ খেলেছেন ট্রট। তিনবার অ্যাশেজজয়ী এই ক্রিকেটার এবার তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক পর্যায়ের জন্য প্রস্তুত করার দায়িত্ব সামলাবেন।

ডেস্ক রিপোর্ট 




























