গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (জিএমপি) কর্মরত সদস্যদের কৃতি সন্তানদের মাঝে “বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫”-এর ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
সোমবার ৫ অক্টোবর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পুলিশ হেডকোয়ার্টার্সের বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট কর্তৃক প্রদত্ত এই মেধাবৃত্তি শিক্ষার্থীদের হাতে তুলে দেন জিএমপি পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ ইসরাইল হাওলাদার।
২০২৪ ও ২০২৫ সালের এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় সকল বিষয়ে GPA-5 (A+) অর্জনকারী শিক্ষার্থীদের এই মেধাবৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদার বলেন, “মেধাবী ও কৃতি সন্তানদের এই স্বীকৃতি ও উৎসাহ প্রদান তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে আরও অনুপ্রাণিত করবে।” একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ জাহিদ হোসেন ভূঞা, পিপিএম (বার)-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা, কৃতি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ।

ডেস্ক রিপোর্ট 






















