হাঁটুর চোট নিয়ে জুলাই থেকে সাইডলাইনে জ্যাকব বেথেল। সেরে উঠবেন, এই আশায় তাকে রেখে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দল ঘোষণা করেছিল ইংল্যান্ড। পুরোনো চোট আবার বেড়ে যাওয়ার কারণে তাকে বাদ দেওয়া হয়েছে। বেথেলের বদলি হিসেবে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছেন বেন ম্যাককিনি।
অতিরিক্ত ব্যাটার হিসেবে দলে ডাক পেলেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার। আবারও ছুরি কাঁচির নিচে পড়তে যাওয়া বেথেলের অনুপস্থিতিতে তিনি টপ অর্ডার ব্যাটিংয়ের বিকল্প হিসেবে দলে থাকবেন।
২২ বছর বয়সী ম্যাককিনি ডারহামে খেলেন। ১৬ বছর বয়সে ক্রিকেটে পা রাখার আগে তিনি সান্ডারল্যান্ডের অ্যাকাডেমিতে ফুটবল খেলতেন মিডফিল্ডার হিসেবে। তরুণ এই প্রতিভাবান ফুটবলার পরে ক্রিকেটে নিজেকে বিলিয়ে দেন। ৬ ফুট সাত ইঞ্চির এই ক্রিকেটার ২০২৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন। ওই বছরের শেষ দিকে ইংল্যান্ড লায়ন্সে অভিষেক হয়।
২০২৫ সালে ডারহাম কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম বিভাগে নেমে যাওয়ার সময় ভুগতে হয়েছিল বাঁহাতি এই ব্যাটারকে। দুটি শতকে ৩১.৩৮ গড়ে ৫৬৫ রান করেন, কোনো ইনিংস চল্লিশের বেশি ছিল না। কিন্তু দ্বিতীয় বিভাগে নিজেকে খুঁজে পান। ডারহামের শীর্ষ ব্যাটার হিসেবে মৌসুম শেষ করেছেন ম্যাককিনি। তিন সেঞ্চুরিতে ৫২.২০ গড়ে ১০৪৪ রান করেন এবং দল শিরোপা জেতে।
সম্প্রতি লায়ন্সের হয়ে সেন্ট কিটস সফরে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৬৫ বলে ১৫ চার ও ১০ ছয়ে ১৪৫ রানের ইনিংস খেলেন ম্যাককিনি। এবার তিনি দক্ষিণ আফ্রিকায় টপ অর্ডারের বিকল্প হিসেবে দলে যোগ দেবেন। পাকিস্তানের বিপক্ষে তাদের সবশেষ খেলা সিরিজের দল নিয়েই প্রোটিয়াদের মুখোমুখি হবে ইংলিশরা। তিন টেস্টের সিরিজ শুরু হবে ১৭ ডিসেম্বর। জোহানেসবার্গে শুরু তিন ম্যাচের সিরিজের বাকি দুটি হবে ২৬ ডিসেম্বর ও ৩ জানুয়ারি সেঞ্চুরিয়ন ও কেপটাউনে।
ইংল্যান্ড টেস্ট স্কোয়াড: জো রুট (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, স নি বেকার, হ্যারি ব্রুক, স্যাম কুক, জর্ডান কক্স, বেন ডাকেট, এমিলিও গে, ড্যান লরেন্স, বেন ম্যাককিনি, লিয়াম প্যাটারসন-হোয়াইট, অলি রবিনসন, জেমি স্মিথ ও জশ টাং।

ডেস্ক রিপোর্ট 






















