খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির সদর গুগড়াছড়ি সুদুঅং মেম্বার পাড়ার রত্মা বিমায় বৌদ্ধ বিহারে পবিত্র কঠিন চীবর দান অনুষ্ঠান উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে। আগামী ১ নভেম্বর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে বিহার প্রাঙ্গণে চলছে প্যান্ডেল নির্মাণসহ নানা প্রস্তুতিমূলক কাজ।
বিহার প্রাঙ্গণে বাঁশ দিয়ে প্যান্ডেল নির্মাণ, বসার স্থান তৈরি ও অনুষ্ঠানস্থল সাজানোর কাজে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীরা। ধর্মীয় এ উৎসবকে সফল করতে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে প্রস্তুতিমূলক কাজে অংশ নিচ্ছেন।
বিহার পরিচালনা কমিটির সভাপতি ডা. থুইলাউ মারমার নেতৃত্বে কঠিন চীবর দান অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি এগিয়ে চলছে। আয়োজনরা জানান, নির্ধারিত দিনে ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ উৎসবের মাধ্যমে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধ, ধর্ম ও সংঘের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং দান-পুণ্যকর্মে অংশ নেন। ধর্মীয় অনুশাসন ও সম্প্রীতির চর্চার মধ্য দিয়ে এ আয়োজন বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করে।
আয়োজনরা আশা প্রকাশ করেন, স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীসহ সবার সহযোগিতায় আগামী ১ নভেম্বর রত্মা বিমায় বৌদ্ধ বিহারের কঠিন চীবর দান অনুষ্ঠান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখের পরিবেশে সম্পন্ন হবে।

ডেস্ক রিপোর্ট 






















