বরগুনা প্রতিনিধি: বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বরগুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনব্যাপী এসব কর্মসূচিতে জেলা ও ছয়টি উপজেলা থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সকাল ৭টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। সকাল সাড়ে ৭টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা। পরে সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি এ জেড এম সালেহ ফারুক ও সদস্যসচিব হুমায়ুন হাসান শাহীন।
সভায় আরও বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। বক্তারা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিজান টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়।

ডেস্ক রিপোর্ট 






















