ভারতে বসবাসের অধিকার নিয়ে আইনি জটিলতায় পড়েছেন অভিনেতা ইমরান খান। দেশ ছাড়ার নির্দেশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সোমবার মামলার শুনানিতে তার ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বম্বে হাইকোর্টের বিচারপতিদের বেঞ্চ।
এ সময় আদালত জানিয়ে দেয়, শুধু হলফনামা জমা দিলেই বিষয়টির নিষ্পত্তি হবে না ইমরানকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। শুনানিতে অভিনেতা জানান, যে প্রতিবাদ কর্মসূচি নিয়ে প্রশ্ন উঠেছে, সেটির আয়োজকদের সঙ্গে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।
নিজের বক্তব্যের পক্ষে আদালতে হলফনামা দিতেও সম্মতি জানান তিনি। পাশাপাশি ভারতে থাকার অনুমতি দেওয়ার আবেদন করেন। তবে ইমরানের এই অবস্থানে সন্তুষ্ট হয়নি আদালত।
বেঞ্চের পর্যবেক্ষণ, হলফনামা জমা দেওয়াকে যথেষ্ট পদক্ষেপ হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। পরিস্থিতির প্রেক্ষাপটে অভিনেতার কাছ থেকে নিঃশর্ত ক্ষমা প্রত্যাশা করছে আদালত।
শুনানিতে আরও বলা হয়, কোনো ভারতীয় নাগরিক বিদেশের মাটিতে গিয়ে একই ধরনের কর্মকাণ্ডে যুক্ত হলে তাকে পরবর্তী বিমানেই দেশে ফেরত পাঠানো হতো। ইমরান দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছেন। এত বছর পর হঠাৎ কেন তিনি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছে বম্বে হাইকোর্ট।

ডেস্ক রিপোর্ট 






















