ক্লাব ব্রুগের নিকোলো ত্রেসোলদিকে পেতে ৬ কোটি ইউরো খরচ করতে হতে পারে এসি মিলানকে। জানুয়ারির দলবদলে এই ইতালিয়ান স্ট্রাইকারকে দলে টানতে আগ্রহী মিলান। তবে বেলজিয়ান ক্লাবটি বড় অঙ্কের প্রস্তাব ছাড়া তাকে ছাড়তে রাজি নয়।
ইতালির সংবাদমাধ্যম লা গাজেত্তা দেল্লো স্পোর্ত জানিয়েছে, ত্রেসোলদির জন্য ৬ কোটি ইউরো দাম নির্ধারণ করেছে ক্লাব ব্রুগে। ২০২৯ সালের জুন পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি থাকায় তাকে বিক্রি করতে তাড়াহুড়ো নেই তাদের। মৌসুমের মাঝপথে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার বিষয়েও অনাগ্রহী বেলজিয়ান ক্লাবটি।
এ মৌসুমে দারুণ ছন্দে আছেন ২২ বছর বয়সী ত্রেসোলদি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭ ম্যাচে করেছেন ১৪ গোল। চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে হ্যাটট্রিক করে ইউরোপের বড় ক্লাবগুলোর নজর কেড়েছেন তিনি। আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা ও রোমার মতো ক্লাবও তাকে দলে নিতে আগ্রহী।
মিলানের হয়ে খেলার স্বপ্নের কথা আগেই জানিয়েছেন ত্রেসোলদি। তবে ক্লাব ব্রুগের প্রতি কৃতজ্ঞতা থাকায় দল ছাড়ার জন্য জোরাজুরি করতে চান না তিনি। ক্লাবের সম্মতি নিয়েই নতুন ঠিকানায় যেতে চান এই স্ট্রাইকার। জানুয়ারিতে তাকে কিনে মৌসুমের বাকি সময়ের জন্য ব্রুগেতেই ধারে রাখার সম্ভাবনাও আলোচনায় রয়েছে।
ইতালিতে জন্ম নেওয়া ত্রেসোলদি বর্তমানে জার্মানির অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলছেন। তবে জাতীয় পর্যায়ে ভবিষ্যতে জার্মানি নাকি ইতালি—কোন দেশকে বেছে নেবেন, সেই সিদ্ধান্তও এখনো চূড়ান্ত হয়নি।

ডেস্ক রিপোর্ট 






















