১২৮ বছর পর অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে টি-টোয়েন্টি সংস্করণে হবে ক্রিকেটের ম্যাচগুলো। সেই আসরের পুরুষ ক্রিকেটের বাছাইপর্ব আয়োজন করবে বাংলাদেশ। ২০২৮ সালের ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত হবে এই টুর্নামেন্ট।
পুরুষ ও নারী—দুই বিভাগেই অংশ নেবে ছয়টি করে দল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বিভিন্ন মহাদেশের শীর্ষ চার দল সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ পাবে। স্বাগতিক যুক্তরাষ্ট্রও সরাসরি খেলবে। বাকি একটি জায়গা নির্ধারিত হবে বাছাইপর্বের মাধ্যমে।
বাংলাদেশে অনুষ্ঠিত পুরুষদের বাছাইপর্বে খেলবে আটটি দল। চারটি করে দল নিয়ে হবে দুটি গ্রুপ। গ্রুপের প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল উঠবে ফাইনালে। ফাইনালে জয়ী দল পাবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের টিকিট। এই বাছাইপর্বে অংশ নেবে বাংলাদেশও।
নারীদের বাছাইপর্ব হবে যুক্তরাষ্ট্রে, ২০২৮ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত।
১৯০০ সালের প্যারিস অলিম্পিকে সর্বশেষ ক্রিকেট খেলা হয়েছিল। সেবার অংশ নিয়েছিল মাত্র দুটি দল—গ্রেট ব্রিটেন ও ফ্রান্স। ২০২৮ সালে ক্রিকেট ফিরছে ছয় দলের প্রতিযোগিতা হিসেবে।

ডেস্ক রিপোর্ট 






















