পটুয়াখালী প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ, কৃষকের অধিকার প্রতিষ্ঠা ও উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষার দাবিতে পটুয়াখালীর দশমিনায় মানববন্ধন ও সমাবেশ করেছেন কৃষক, কিষাণী, ভূমিহীন মানুষ ও মানবাধিকারকর্মীরা।
‘আইল থেকে আন্তালিয়া’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জলবায়ু সংকট মোকাবিলায় কৃষকবান্ধব নীতি গ্রহণ এবং আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মতামতকে গুরুত্ব দেওয়ার দাবি জানান।
কর্মসূচির শুরুতে দশমিনা সদর ইউনিয়ন পরিষদের সামনে সমবেত হন বিভিন্ন এলাকার কৃষক ও কিষাণীরা।
পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ও দশমিনা উপজেলা শাখার সভাপতি মো. নয়া মিয়া শিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ কিষাণী সভার কেন্দ্রীয় কমিটির সভানেত্রী ও দশমিনা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান চিকিৎসক সামসুন্নাহার খান ডলি, বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার হাওলাদার, কেন্দ্রীয় নেতা শাহ আলম, মানবাধিকারকর্মী ও অন্বেষা সমাজসেবার নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান টিটু।
এ ছাড়া বক্তব্য দেন সংগঠনটির দশমিনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবু প্রাণকৃষ্ণ দাস, মো. ফিরোজ হোসাইন, ভূমিহীন নেতা আশ্রাফ সিকদার, মো. ইদ্রিস খাঁ, মো. বারেক সরদার, মো. মোখলেসুর রহমান ও ফেরদৌস হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কায়েস মাহমুদ।
সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের কৃষক, মৎস্যজীবী, ভূমিহীন ও সাধারণ মানুষ প্রতিনিয়ত ক্ষতির মুখে পড়ছেন। কৃষিজমি, বসতভিটা ও জীবিকা হারিয়ে অনেক পরিবার অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। অথচ জলবায়ু সংকট সৃষ্টিতে বেশি দায়ী ধনী দেশ ও জীবাশ্ম জ্বালানিনির্ভর করপোরেট প্রতিষ্ঠানগুলো তাদের দায় যথাযথভাবে স্বীকার করছে না।
বক্তারা বলেন, উপকূলীয় মানুষের জীবন-জীবিকা, কৃষিজমি ও বসতভিটা রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় কৃষক, কিষাণী, ভূমিহীন ও উপকূলীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
তাঁরা আরও বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় কৃষকবান্ধব ন্যায্য রূপান্তর, খাদ্য সার্বভৌমত্ব এবং কৃষিবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। শুধু প্রতিশ্রুতি নয়, ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বাস্তবসম্মত অর্থায়ন ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
সমাবেশ থেকে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ক্ষতিপূরণ এবং কৃষকের অধিকার সুরক্ষায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার আহ্বান জানানো হয়।

ডেস্ক রিপোর্ট 






















