বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় মোঃ গোলাম রসুল নামে একজন আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তার গোলাম রসুল (৪২) উপজেলার বিশালপুর ইউনিয়নের পেচুল গ্রামের মৃত গোলাম মর্তুজার ছেলে এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে একই ইউনিয়নের মান্দাইন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে মহাসড়কে ককটেল বিস্ফোরণ, চলন্ত ভ্যানে অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নামীয় ১০৮ জন এবং অজ্ঞাত আরও ২০০ জনের বিরুদ্ধে গত ১৫ নভেম্বর শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন উপজেলার গাড়িদহ ইউনিয়নের আমির হামজা নামে এক ব্যক্তি।
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একরামুল হোসাইন জানান, গত ১৫ নভেম্বর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের হয়েছে। ওই মামলার তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে দুপুরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

ডেস্ক রিপোর্ট 























