বরগুনা প্রতিনিধি: বরগুনায় উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা, চিহ্নিত করা এবং তাদের উদ্যোগ বাস্তবায়নে অর্থায়নের ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা। তারা বলেছেন, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহজ শর্তে ঋণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সঠিক দিকনির্দেশনা নিশ্চিত করতে হবে। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, কমবে বেকারত্ব।
রোববার (২২ নভেম্বর) দুপুরে বরগুনার সুরঞ্জনা ইকো ট্যুরিজম অ্যান্ড রিসোর্টের কনভেনশন হলে ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন বিষয়ে আলোচনা সভা ও কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। লিড ব্যাংক হিসেবে উত্তরা ব্যাংক পিএলসি, বরগুনা এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, বরিশালের পরিচালক মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, বরিশালের অতিরিক্ত পরিচালক সনুজয় কুমার দত্ত এবং বাংলাদেশ কৃষি ব্যাংক, মুখ্য আঞ্চলিক কার্যালয়, বরগুনার উপমহাব্যবস্থাপক আকিঞ্চন বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা ব্যাংক পিএলসি, বরিশাল অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মো. সাইদুল হক।
বক্তারা বলেন, তরুণ উদ্যোক্তারা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হতে পারেন। তবে পুঁজির অভাব, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনার ঘাটতির কারণে অনেক সম্ভাবনাময় তরুণ নিজেদের উদ্যোগ বাস্তবায়ন করতে পারছেন না। এ অবস্থায় উপজেলা পর্যায়ে উদ্যোক্তা অনুসন্ধান, তাদের তালিকাভুক্ত করা, দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ এবং সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে পাশে দাঁড়ানো প্রয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে মো. হাফিজুর রহমান বলেন, তরুণরা যেন শুধু চাকরির পেছনে না ছুটে নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন, সে জন্য ব্যাংকগুলোকে আরও আন্তরিক হতে হবে। সম্ভাবনাময় তরুণদের উদ্যোগ চিহ্নিত করে সেসব প্রকল্পে অর্থায়নের ব্যবস্থা করতে হবে।
সভাপতির বক্তব্যে মো. সাইদুল হক বলেন, বরগুনার প্রতিটি উপজেলায় সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করে তাদের পাশে থাকবে ব্যাংক। নতুন উদ্যোক্তা তৈরি হলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং বেকারত্ব কমবে।
কর্মশালায় জেলার বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক, কর্মকর্তা, তরুণ উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন। এ সময় উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তির যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, অর্থায়ন এবং সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ডেস্ক রিপোর্ট 






















