ভারতের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের একটি হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া এক নারীর স্বজন যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। মোবাইল চুরির সন্দেহে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে রোগীর পাশে ঘুমিয়ে থাকা নারী স্বজনকে যৌন হয়রানির এই অভিযোগ উঠেছে। শুক্রবার রাজ্যের হাভেরি জেলা হাসপাতালে এই ঘটনা ঘটে এবং পুরো দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই নারী মেঝেতে ঘুমিয়ে আছেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি তার কম্বল টানছিলেন এবং শরীরে অযাচিত স্পর্শ করেন। তিনি সঙ্গে সঙ্গে জেগে উঠে চিৎকার শুরু করেন। একই সঙ্গে ব্যক্তিকে হাতে-নাতে ধরে ফেলে চড় মারেন।
ওই নারীর চিৎকারে হাসপাতালের ওয়ার্ডে থাকা অন্যরা জেগে ওঠেন এবং অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন। তবে ওই ব্যক্তি ওয়ার্ড থেকে পালানোর চেষ্টা করলে একজন তার কলার চেপে ধরে মাটিতে ফেলে দেন। শেষ পর্যন্ত তিনি সবাইকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
অপরিচিত ওই ব্যক্তি রাত ২টার দিকে ওয়ার্ডে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ করেছেন রোগী ও তার স্বজনরা। গত সপ্তাহে কর্ণাটকের একই হাসপাতাল থেকে অন্তত ১০টি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। এসব মোবাইল চুরির সঙ্গে ওই ব্যক্তি জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গভীর রাতে হাসপাতালে নারী সেবা নিতে আসা রোগী ও তার সঙ্গে স্বজনদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জেলা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ করে রাতের বেলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।
সূত্র: এনডিটিভি।

ডেস্ক রিপোর্ট 






















