খুলনা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে খুলনার ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দুইটিতে বিজয়ী হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অধিকাংশ আসনেই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা, কয়েকটিতে ব্যবধান দাঁড়িয়েছে কয়েক হাজার ভোটে।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খুলনা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমীর এজাজ খান ১ লাখ ২১ হাজার ৩৫২ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত কৃষ্ণ নন্দী পেয়েছেন ৭০ হাজার ৩৪৬ ভোট।
খুলনা-২ আসনে জামায়াত মনোনীত শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল ৯৩ হাজার ৭৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ৮৮ হাজার ১৯৭ ভোট। এ আসনে ব্যবধান দাঁড়ায় ৫ হাজার ৫৯২ ভোট।

খুলনা-৩ আসনে বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল ৭৮ হাজার ৮৪৫ ভোট পেয়ে জয়লাভ করেন। জামায়াত মনোনীত মোহাম্মদ মাহফুজুর রহমান পেয়েছেন ৬৬ হাজার ১০ ভোট।
খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত আজিজুল বারী হেলাল ১ লাখ ২৩ হাজার ১৬২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত মাওলানা সাখাওয়াত হোসাইন পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৩০ ভোট।
সবচেয়ে আলোচিত লড়াই হয় খুলনা-৫ আসনে। এখানে বিএনপির আলি আসগর লবি ১ লাখ ৪৮ হাজার ৮৫৪ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ২৪৬ ভোট। দুই প্রার্থীর ব্যবধান মাত্র ২ হাজার ৬০৮ ভোট, যা এ জেলার মধ্যে সর্বনিম্ন ব্যবধান।
খুলনা-৬ আসনে জামায়াত মনোনীত আবুল কালাম আজাদ ১ লাখ ৫০ হাজার ৭২৪ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মনিরুল হাসান বাপ্পি পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭১০ ভোট।
সামগ্রিক ফলাফলে খুলনায় বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও জামায়াত দুটি গুরুত্বপূর্ণ আসনে জয় পেয়ে রাজনৈতিক ভারসাম্যে দৃশ্যমান অবস্থান তৈরি করেছে। চূড়ান্ত ফলাফল ও গেজেট প্রকাশের পরই আনুষ্ঠানিক ঘোষণা দেবে নির্বাচন কমিশন।

ডেস্ক রিপোর্ট 






















