বেনাপোল প্রতিনিধি: বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন যশোর-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিকেলে অনুষ্ঠিত হবে তার মন্ত্রিসভায় শপথ গ্রহণ।
অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য ফোন কল পেয়েছেন। নিশ্চিত করেছেন তার মিডিয়া উইংয়ের প্রধান সুজায়েত শামীম সুমন।
১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে যশোর-৩ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি মোট ২ লাখ ১ হাজার ৩৩৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল কাদের পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৪৬৩ ভোট।

অনিন্দ্য ইসলাম ১৯৭৫ সালের ২৪ আগস্ট যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী তরিকুল ইসলামের ছেলে। অনিন্দ্য ইসলাম যশোর জেলা বিএনপির সক্রিয় সদস্য এবং ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অনিন্দ্য ইসলাম ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ১৯৯১ সালে এসএসসি এবং ১৯৯৩ সালে এইচএসসি পাস করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়ন ও আণবিক জীববিজ্ঞানে ১৯৯৬ সালে বিএসসি অনার্স এবং ১৯৯৭ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। ২০০২ সালে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি টিভি বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হলের নেতৃত্ব দিয়েছিলেন।

ডেস্ক রিপোর্ট 























