দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কম্বাইন্ড ডিগ্রি ইস্যুকে কেন্দ্র করে এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদের আওতাধীন এনিমেল হাজবেন্ড্রি (এএইচ) ডিসিপ্লিনের শিক্ষকরা ক্লাস-পরীক্ষা বয়কট করেছেন।
গত সোমবার কম্বাইন্ড ডিগ্রির ‘বিএসসি ইন ভেট সায়েন্স অ্যান্ড এএইচ’ লেভেল-৪ সেমিস্টার-১ ও লেভেল-১ সেমিস্টার-২-এর চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত হয়। এতে অনুষদে উত্তেজনা সৃষ্টি হলে শিক্ষার্থীরা তাৎক্ষণিক ডিন অফিস ঘেরাও করেন।
এর আগে এএইচ ডিসিপ্লিনের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানদের স্বাক্ষরিত এক লিখিত পত্রে অনুষদের ডিন বরাবর জানানো হয়, বাংলাদেশ হাইকোর্ট বিশ্ববিদ্যালয়ের ৫৪তম জরুরি একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্তকে বেআইনি ও অবৈধ ঘোষণা করেছেন। ওই রায়ের পরিপ্রেক্ষিতে অনুষদে চলমান এএইচ ও ডিভিএম ডিগ্রির পরিবর্তে প্রবর্তিত কম্বাইন্ড ডিগ্রি ‘বিএসসি ইন ভেট সায়েন্স অ্যান্ড এএইচ’র ক্লাস কার্যক্রমে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে জেনারেল এনিম্যাল সায়েন্স অ্যান্ড এনিম্যাল নিউট্রিশন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শাহবুবুল আলম বলেন, তারা আদালতের রায়ের পক্ষে অবস্থান নিয়েছেন। আদালত যেহেতু কম্বাইন্ড ডিগ্রিকে অবৈধ ঘোষণা করেছেন, তাই রানিং সেশনের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। হাইকোর্টের সিদ্ধান্ত অনুযায়ী এএইচ’র পাঁচটি বিভাগের সব শিক্ষক এ সিদ্ধান্তে একমত বলে তিনি জানান।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি জানান, গত ১৯ ফেব্রুয়ারি হাইকোর্টের রায়ের কপি বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছে এবং দ্রুত প্রশাসনিক সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে। লেভেল-৪ সেমিস্টার-১-এর শিক্ষার্থী জাহিদুল হাসান জাহিদ বলেন, নির্ধারিত সময়ে পরীক্ষা দিতে উপস্থিত হলেও পরে জানতে পারেন শিক্ষকরা পরীক্ষা নেবেন না। এতে শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরীক্ষা গ্রহণের দাবিতে ডিন বরাবর আবেদনপত্র জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
প্রো-ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান জানান, এএইচ ডিসিপ্লিনের শিক্ষকরা আদালতের রায়ের প্রতি সম্মান জানিয়ে ক্লাস-পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের কথা লিখিতভাবে অবহিত করেছেন। আদালতের রায়ের বিপক্ষে কোনো পদক্ষেপ নেওয়া হবে না বলেও তিনি জানান।
এ ব্যাপারে উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, হাইকোর্টের রায়ে চলমান শিক্ষার্থীদের বিষয়ে নির্দিষ্ট নির্দেশনা নেই। বর্তমানে যাদের একাডেমিক কার্যক্রম চলমান, তারা চাইলে কম্বাইন্ড ডিগ্রিতে অব্যাহত থাকতে পারবেন অথবা পূর্বের ডিগ্রি কাঠামোয় ফিরে যাওয়ার সুযোগ পাবেন।

ডেস্ক রিপোর্ট 






















