দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম জোরদার, ইভটিজিং প্রতিরোধ এবং র্যাগ ডে নামে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। একইসঙ্গে শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য সচেতনতা বাড়ানোর উদ্যোগের অগ্রগতির তথ্য চেয়েছে অধিদপ্তর।
এ বিষয়ে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে গত ১১ মার্চ একটি নির্দেশনা জারি করা হয়েছে। উপপরিচালক মো. ফিরোজুল ইসলামের সই করা ওই চিঠিতে বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর সঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বাড়াতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নির্মিত মাদকবিরোধী ডকুমেন্টারি ও থিম সং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে ইভটিজিং প্রতিরোধ এবং র্যাগ ডে নামে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে। একইসঙ্গে শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য সচেতনতা বাড়ানোর বিষয়েও প্রতিষ্ঠানগুলোকে উদ্যোগ নিতে বলা হয়েছে।
এ সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে তথ্য আগামী ৩০ মার্চ তারিখের মধ্যে ই-মেইলের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে। নির্ধারিত ই-মেইল ঠিকানা হলো director.mew@gmail.com।
মাউশির নির্দেশনায় আরও বলা হয়েছে, আঞ্চলিক পরিচালক ও আঞ্চলিক উপপরিচালকদের আওতাধীন জেলার ও উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করে একটি সারসংক্ষেপ প্রতিবেদন তৈরি করতে হবে। সেই প্রতিবেদনে অঞ্চলভিত্তিক প্রতিষ্ঠানের সংখ্যা, বাস্তবায়ন করা প্রতিষ্ঠানের শতকরা হার, বাস্তবায়ন করতে না পারা প্রতিষ্ঠানের শতকরা হার ও কারণ এবং প্রয়োজনীয় মন্তব্য উল্লেখ করতে হবে।
নির্দেশনায় বিষয়টিকে অতি জরুরি উল্লেখ করে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















