নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলায় হাম রোগের উপসর্গে আক্রান্ত হয়ে মাত্র ১১ দিন বয়সী এক নবজাতক শিশুর মৃত্যু হয়েছে, যা এলাকায় চরম উদ্বেগের সৃষ্টি করেছে। মৃত শিশুটির নাম আফরিন জান্নাত। সে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের চাবুলের টারী (ক্লিনিক পাড়া) এলাকার মো. আবু বকর সিদ্দিক (স্বাধীন)-এর কন্যা।
পরিবার সূত্রে জানা যায়, জন্মের কিছুদিন পর থেকেই শিশুটি হাম রোগের লক্ষণ নিয়ে অসুস্থ হয়ে পড়ে। গত শনিবার (৪ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে শিশুটিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে অবস্থার দ্রুত অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা জরুরি ভিত্তিতে সকাল ১১টার দিকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৫ এপ্রিল) শিশুটি মৃত্যুবরণ করে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইতেপূর্বে গত ২ এপ্রিল হামের উপসর্গ নিয়ে ৬টি শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল। তারা জ্বর, কাশি ও শরীরে র্যাশ নিয়ে অসুস্থ ছিল। নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশন বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হয়। শিশুরা হলো ডিমলা উপজেলার মিজান মিয়া (৫ মাস), সদর উপজেলার পঞ্চপুকুরের জিহাদ বাবু (২), সদর উপজেলার দেবীরডাঙ্গা কাঞ্চনপাড়ার রাইয়ান (১), আব্দুল জোবায়ের (২), মাইশা (২) এবং ডোমারের সম্রাট ইসলাম (৩)। তারা হাম আক্রান্ত কি না নিশ্চিত হওয়ার জন্য তাদের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।

ডেস্ক রিপোর্ট 























