মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি এবং যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি সংঘাতের মধ্যে লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের হ্যারিস গ্রামের কাছে চালানো এ হামলায় জাতিসংঘের দুই মালয়েশিয়ান শান্তিরক্ষী আহত হয়েছেন। শুক্রবার (১২ জুন) জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিখ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
ডুজারিখ বলেন, আহত দুই শান্তিরক্ষীর অবস্থা স্থিতিশীল। এ ঘটনায় জাতিসংঘ তদন্ত করবে। যদিও কারা এ হামলা চালিয়েছে তা তিনি স্পষ্ট করেননি।
জাতিসংঘের মুখপাত্র বলেন, বিন্ট জেবেলের কাছেও জাতিসংঘের একটি গাড়িবহরের দিকে ইসরায়েলি ট্যাংক থেকে গুলি ছোড়া হয়েছে। এ ঘটনায় যাত্রা নিরাপদ রাখতে বহরটি পথ পরিবর্তন করেছে। তারা বিকল্প পথে গন্তব্যে রওনা হয়েছে।

তিনি বলেন, বুধবার জাতিসংঘের শান্তিরক্ষীরা বিয়াদা এলাকায়ও উল্লেখযোগ্য ড্রোন তৎপরতা দেখতে পেয়েছে। আমরা আবারও সকল পক্ষকে জাতিসংঘের কর্মী এবং সম্পদের অলঙ্ঘনীয়তার কথা স্মরণ করিয়ে দিচ্ছি।
এদিকে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের বড় সমঝোতা হয়ে গিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এখন শুধু শান্তিচুক্তি স্বাক্ষরের অপেক্ষা। চলতি সপ্তাহের শেষেই এই চুক্তি স্বাক্ষর হতে পারে বলে দাবি করেছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা ইরানের সঙ্গে একটি বড় সমঝোতায় পৌঁছাতে পেরেছি। এই সমঝোতা একটা শান্তিচুক্তি স্বাক্ষরের পথে আমাদের নিয়ে যাবে।
তিনি বলেন, চুক্তি স্বাক্ষর করামাত্র হরমুজ প্রণালি আনুষ্ঠানিকভাবে খুলে যাবে। শিগগির এবং খুব শিগগিরই, ইউরোপের স্থানীয় সময় অনুযায়ী হয়তো এ সপ্তাহের শেষেই আমরা চুক্তি স্বাক্ষর করতে পারব।

ডেস্ক রিপোর্ট 






















