চায়নাভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান আলীবাবা ডট কমের প্রতিনিধিদলের সঙ্গে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নেতাদের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বাংলাদেশের বিভিন্ন পণ্য আলীবাবার অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত করার আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক রূপান্তরের নতুন পর্যায়ে প্রবেশ করছে। ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বাণিজ্য সম্প্রসারণ, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বন্ডেড ওয়্যারহাউস ও ফ্রি ট্রেড জোন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, চট্টগ্রামের আনোয়ারায় চায়না বিশেষায়িত ইকোনমিক জোন বাস্তবায়নে সরকার অনুমোদন দিয়েছে। এসব অঞ্চলে রপ্তানিমুখী পণ্য উৎপাদন এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে আলীবাবার মতো বৈশ্বিক প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
চেম্বার সভাপতি বলেন, চায়না বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। ভৌগোলিক নৈকট্যের কারণে দুই দেশের মধ্যে নতুন অর্থনৈতিক সম্পর্ক তৈরি হয়েছে। দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিতে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ আরও বাড়ানো প্রয়োজন।
তিনি আলীবাবা ডট কমের বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ, ই-কমার্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণসহ বিভিন্ন উদ্যোগে চিটাগাং চেম্বারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
আলীবাবা ডট কমের পাকিস্তান ও বাংলাদেশের জেনারেল ম্যানেজার গাওয়া সামার বলেন, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত আলীবাবা ডট কম বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির বিশ্বজুড়ে প্রায় ৫ কোটি সক্রিয় ক্রেতা রয়েছে। দুই লাখের বেশি সরবরাহকারীর মাধ্যমে দুই বিলিয়নের বেশি পণ্য সরবরাহ করা হয়।

ডেস্ক রিপোর্ট 






















