নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলায় একটি অবৈধ চায়না জাল কারখানা সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।সেখানে অভিযান পরিচালনা করে ৪১ লাখ টাকার চায়না জাল ও চারটি বিদুৎ চালিত সেলাই মেশিন জব্দ করা হয়েছে।বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মধ্যরাজীব সয়ারকাজী পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। এতে সহায়তা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল সালাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)লুৎফর রহমানসহ পুলিশ সদস্যরা।
জানা যায়, ওই এলাকার কালু মামুদের দুই ছেলে খলিল ও জলিল নিজ বাড়িতে একটি অবৈধ চায়না জাল তৈরির কারখানা গড়ে তুলেন। দীর্ঘদিন ধরে সেখানে অবৈধ চায়না জাল তৈরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে অভিযান পরিচালনা করেন। এসময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি বুঝতে পেয়ে কারখানার মালিক পালিয়ে যায়। পরে সেখান থেকে আনুমানিক ৪১ লাখ টাকার চায়না জাল ও চারটি বিদুৎ চালিত সেলাই মেশিন জব্দ করা হয়।অপরদিকে কারখানার পাশে দুলু মিয়া নামে আরেকজনের বাড়িতে অভিযান চালিয়ে চায়না জাল জব্দ করা হয় ও তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় । এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান বলেন, একটি বাড়িতে কারখানা গড়ে তুলে অবৈধ চায়না জাল তৈরি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে আজকে সেখানে অভিযান পরিচালনা করে আনুমানিক ৪১ লাখ টাকা অবৈধ চায়না জাল ও চারটি বিদ্যুৎচালিত সেলাই মেশিন জব্দ করা হয়।আমাদের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক পালিয়ে যায়।পাশের আরেকটি বাড়িতে অভিযান চালিয়ে চায়না জাল পাওয়ায় কি পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















