পটুয়াখালী প্রতিনিধি: ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে পটুয়াখালীতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ সভার আয়োজন করা হয়।
জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। তিনি তাঁর বক্তব্যে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তরুণ সমাজের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার (কুট্টি)। তিনি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি নতুন প্রজন্মকে গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, জেলা বিএনপির সদস্য বশির আহমেদ মৃধা এবং মিজানুর রহমান মিজান। বক্তারা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং গণতান্ত্রিক চেতনা ধারণের ওপর গুরুত্বারোপ করেন।
স্মরণ সভায় জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, তাঁতিদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে এবং গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ডেস্ক রিপোর্ট 






















