পটুয়াখালী প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ ও দেশীয় নারিকেল উৎপাদন বাড়াতে পটুয়াখালীতে ‘নারিকেল বাগান প্রকল্প’ চালু করেছে দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় পটুয়াখালী শহরের স্বনির্ভর রোডসংলগ্ন লাউকাঠি নদীর তীরে আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের উদ্বোধন করা হয়।
দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।
উদ্বোধনী অনুষ্ঠানে স্নেহাংশু সরকার কুট্টি বলেন, উপকূলীয় অঞ্চল পটুয়াখালীতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। নারিকেল গাছ পরিবেশ রক্ষার পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি ও দেশীয় চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যবসায়ী সংগঠন হিসেবে চেম্বার অব কমার্সের এমন সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ প্রশংসনীয়।
চেম্বারের সভাপতি মো. কামাল হোসেন বলেন, আগামী পাঁচ বছরে ধাপে ধাপে জেলার বিভিন্ন এলাকায় নারিকেলের চারা রোপণ ও পরিচর্যার মাধ্যমে প্রকল্পটি বিস্তৃত করা হবে।
পরে লাউকাঠি নদীর তীরবর্তী এলাকায় নারিকেলের চারা রোপণের মধ্য দিয়ে প্রকল্পের কার্যক্রম শুরু করা হয়। এ সময় স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 






















