পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও চুরিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে পিরোজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আহসান কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত। বিশেষ অতিথি ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম এবং সাংবাদিক ও মানবাধিকারকর্মী, ভয়েস অব এনফোর্সড ডিজঅ্যাপিয়ার্ড পারসন (VOED)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মিঠু।
সভায় বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও চুরি প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। বিশেষ করে কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সামাজিক সচেতনতা ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে। মাদক ও অপরাধমুক্ত নিরাপদ সমাজ গঠনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভায় আরও বক্তব্য দেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মারুফসহ অন্যরা। সভা সঞ্চালনা করেন মো. কুদরত শেখ।
আয়োজকরা জানান, এলাকার শান্তি, নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও চুরির বিরুদ্ধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই সভার মূল লক্ষ্য। এ সময় অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

ডেস্ক রিপোর্ট 






















