সকালে রোদ থাকলেও বেলা বাড়ার সঙ্গে বদলে যায় সাতক্ষীরার আবহাওয়া। বেলা সাড়ে ১১টার দিকে শুরু হয় বাতাস। এরপর দুপুর ১২টার দিকে নামে বৃষ্টি। সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় সাতক্ষীরায় এই আবহাওয়া বিরাজ করছে। এর মধ্যে চলছে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত। আগামী দুই দিন জেলায় বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং ওডিশা-অন্ধ্র প্রদেশ উপকূল-সংলগ্ন এলাকায় লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
খুলনা বিভাগের অনেক জায়গায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে। খুলনা ও আশপাশের নদী অববাহিকায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, সাতক্ষীরায় বর্তমানে ৩ নম্বর সংকেত চলছে। আগামী দুই দিন বৃষ্টিপাত হতে পারে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। স্বাভাবিকভাবে বৃষ্টির চাপ থাকতে পারে।
লঘুচাপের প্রভাবে নদী ও সাগরে থাকা মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি খারাপ হলে মাছ ধরতে নদী বা সাগরে না যাওয়ার পাশাপাশি নৌযানগুলো নিরাপদ স্থানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
উপকূলের নিম্নাঞ্চলের বাসিন্দাদের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি ও স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করারও পরামর্শ দেওয়া হয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















