দুমকি প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী জেলা শাখার নবগঠিত আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে দুমকি উপজেলা যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ৪ টায় উপজেলা যুবদলের সভাপতি জাকির আলম মিলন ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম রুবেলের নেতৃত্বে উপজেলার থানাব্রিজ থেকে মিছিলটি শুরু হয়ে পিরতলা বাজার ও নতুন বাজার ঘুরে লেবুখালি – বগা মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, সহ-সভাপতি মোঃ সাইদুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ কালাম তালুকদার প্রমূখ।
র্যালী শেষে উপজেলা যুবদলের সহ-সভাপতি মোঃ সাইদুর রহমান খান এর সঞ্চালনায় আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যর বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি মোঃ জাকির আলম মিলন। এ সময় বক্তারা পটুয়াখালী জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়ন এমপি এবং পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এছাড়াও বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য ফ্যাসিবাদীদের বিভিন্ন রকম ষড়যন্ত্র, জালাও পোড়াও সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডকে প্রতিহত করতে যুবদল সব সময় মাঠে থাকবে বলে অঙ্গীকার করেন। এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 






















