লটারিতে বদলি হওয়ার প্রায় ১১ মাস পর আবারও আগের থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে ফিরেছেন মো. সরোয়ারে আলম খান। ২০২৫ সালের এপ্রিলে প্রথমবার ঠাকুরগাঁও সদর থানার ওসি হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। প্রায় সাড়ে সাত মাস দায়িত্ব পালনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে লটারির মাধ্যমে তাকে গাইবান্ধার পলাশবাড়ী থানায় বদলি করা হয়। সেখানে দায়িত্ব পালনের পর গত ১৪ নভেম্বর আবারও ঠাকুরগাঁও সদর থানার ওসি হিসেবে যোগ দেন তিনি।
তবে একই থানায় দ্বিতীয়বার তার পদায়ন নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, পুলিশের ওসি পদায়নে জারি করা ২২ দফা নীতিমালায় একই থানায় কোনো কর্মকর্তাকে দ্বিতীয়বার ওসি হিসেবে পদায়ন না করার নির্দেশনা রয়েছে।
সরোয়ারে আলম খানের পুনরায় যোগদানের কথা জানেন না বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ। এমনকি ওই থানার ওসি হিসেবে তিনি মো. শাহজাহান আলীর নাম উল্লেখ করেছেন।
ঠাকুরগাঁও জেলা পুলিশের সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সরোয়ারে আলম খান বর্তমানে সদর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন। ওয়েবসাইটে তার সর্বশেষ যোগদানের তারিখ ১৪ নভেম্বর ২০২৬। এর আগে তিনি গাইবান্ধার পলাশবাড়ী থানার ওসি ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের এপ্রিলের মাঝামাঝি ঠাকুরগাঁও সদর থানায় প্রথমবার যোগ দেন সরোয়ারে আলম খান। ওই বছরের ২ ডিসেম্বর লটারির মাধ্যমে তাকে বদলি করা হয়। ৬ ডিসেম্বর তিনি পলাশবাড়ী থানার ওসি হিসেবে যোগ দেন। এরপর চলতি বছরের ১৪ নভেম্বর আবারও ঠাকুরগাঁও সদর থানায় যোগ দেন। অর্থাৎ প্রায় ১১ মাসের ব্যবধানে একই থানায় দ্বিতীয়বার ওসি হিসেবে দায়িত্ব নিলেন তিনি।
পুলিশ সদর দপ্তর ২০২৫ সালের ৩ জুলাই থানার ওসি পদায়নে ২২ দফা নীতিমালা জারি করে। এতে ওসি পদে পদায়নের যোগ্যতা, অযোগ্যতা, বদলি ও দায়িত্বকাল-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
নীতিমালার অন্যতম শর্ত হলো, কোনো কর্মকর্তা একবার ওসি হিসেবে দায়িত্ব পালন করলে তাকে একই থানায় দ্বিতীয়বার পদায়ন করা যাবে না। এ ছাড়া একজন কর্মকর্তা সর্বোচ্চ চারটি থানায় অথবা ছয় বছর ওসি হিসেবে দায়িত্ব পালনের পর আর ওসি পদে পদায়নের জন্য বিবেচিত হবেন না।
জেলা পুলিশ সুপার মো. বেলাল হোসেন ছুটিতে থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তার পরিবর্তে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোদাদাদ হোসেন বলেন, যারা নীতিনির্ধারণী পর্যায়ে রয়েছেন, তারাই এসব বিষয় দেখভাল করেন। এ বিষয়ে স্যারই ভালো বলতে পারবেন। আমি কিছু বলতে পারব না।
রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ মোবাইল ফোনে বলেন, ওই থানার ওসি তো শাহজাহান আলী। সরোয়ারে আলম খানের যোগদানের বিষয়টি আমার জানা নেই।
২২ দফা নীতিমালার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।