চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। একই দিন সকালে উপজেলার একটি সরকারি বিদ্যালয়ের নামফলক ঢেকে সেখানে ‘বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়’ লেখা ব্যানার লাগানো হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার মহাজনঘাটা এলাকায় মিছিল এবং শীলকূপ ইউনিয়নে বিদ্যালয়ের নামফলক পরিবর্তনের ঘটনা ঘটে। দুটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানিয়েছে, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। বিদ্যালয়ের নামফলকে ব্যানার লাগানোর ঘটনায় জড়িত ব্যক্তিদেরও শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শুক্রবার বিকেলে ছাত্রলীগের মিছিলের ৫২ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতা রবিউল হায়দারের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন সফল করার লক্ষ্যে বাঁশখালী উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে আনন্দ মিছিল।’
ভিডিওতে দেখা যায়, অন্তত ২০ থেকে ৩০ জন ব্যানার নিয়ে মিছিল করছেন। এ সময় তাদের ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’ এবং ‘শেখ শেখ, শেখ মুজিব, লও লও সালাম’ স্লোগান দিতে শোনা যায়। ভিডিওটির স্বাভাবিক গতিও বাড়ানো হয়েছে বলে প্রতীয়মান হয়।
মিছিলে ব্যবহৃত ব্যানারে লেখা ছিল, ‘জয় বাংলা, আল্লাহ সর্বশক্তিমান’, ‘শিক্ষা শান্তি প্রগতি’, ‘জয় বঙ্গবন্ধু’ এবং ‘চলো আরেকবার লড়ি শেখ হাসিনার ডাকে দেশ ও আপনার-আমার জন্য’। ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ছবি ছিল। এ ছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হোসেন মাহমুদ এবং মিছিলের নেতৃত্ব দেওয়া মো. পারভেজের ছবিও ছিল। ব্যানারের নিচে সৌজন্যে লেখা ছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা ও বাঁশখালী উপজেলা ছাত্রলীগ।

ডেস্ক রিপোর্ট 






















