বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দেশের সব মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। তবে নতুন নির্দেশনা কার্যকরের প্রথম দিনেই রাজধানীর বিভিন্ন এলাকায় নির্ধারিত সময়ের পরও দোকান খোলা রাখতে দেখা গেছে। শুধু দোকানই নয়, কোথাও কোথাও সাইনবোর্ড ও বিজ্ঞাপনের বাতিও জ্বলতে দেখা গেছে।
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৭টার পর রাজধানীর বাড্ডার বিভিন্ন মার্কেট ও বাণিজ্যিক এলাকায় সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা যায়।
সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী, বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে। পাশাপাশি সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
কিন্তু সরেজমিনে দেখা যায়, নির্ধারিত সময় ঘনিয়ে এলেও কিছু দোকান বন্ধের কোনো প্রস্তুতি নেয়নি। দোকানের ভেতরে ক্রেতারা কেনাকাটা করছেন, কর্মীরা পণ্য সাজিয়ে রাখছেন। কোথাও আবার দোকানের শাটার খোলা রেখেই ব্যবসা চলতে দেখা যায়। রাত সাড়ে ৮টার পর মার্কেট ও দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নেন সংশ্লিষ্টরা।
রাজধানীর বাড্ডার পরিচিত শপিং মল ‘সুবাস্তু নজর ভ্যালী শপিং মল’ সরেজমিনে দেখা যায়, বাড্ডার প্রধান সড়কের সামনে দিয়ে মলটি তাদের ফটক ঠিকই বন্ধ করে রেখে, কিন্তু মলের পার্কিং সাইট দিক দিয়ে ক্রেতাদের যাতায়াতের জন্য জন্য আলাদা একটি গেইট খোলা রয়েছে। সেই গেইট দিয়ে ক্রেতারা মার্কেটে যাচ্ছেন ভেতরে।
এই গেইট দিয়ে প্রবেশ করে দেখা যায়, পাঁচতলা বিশিষ্ট মলের সবগুলো ফ্লোরেই দোকান পার্ট খোলা রয়েছে। সেখানা ক্রেতা বিক্রেতারা বেচা-কেনা করছেন। রাত সাড়ে ৮টা পর্যন্ত মলটিতে কেনাবেচা করতে দেখা যায়।

ডেস্ক রিপোর্ট 






















