বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় স্থগিত হওয়া আলিম পরীক্ষা শেষে উত্তরপত্র কোনো ধরনের বিলম্ব না করে একই দিনে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুততম সময়ে ২০২৬ সালের আলিম পরীক্ষার ফলাফল প্রকাশের লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহম্মেদের সই করা এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ নির্দেশনা দেওয়া হয়।
এতে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এ নির্দেশনা মানতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের আলিম পরীক্ষা গত ৮ আগস্ট শেষ হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিভাগের পাঁচটি জেলার কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। সংশোধিত সময়সূচি অনুযায়ী স্থগিত পরীক্ষাগুলো আগামীকাল ২০ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের আলিম পরীক্ষার ফলাফল স্বল্পতম সময়ে প্রকাশের লক্ষ্যে স্থগিত পরীক্ষার উত্তরপত্র পরীক্ষা গ্রহণের পর কোনো প্রকার বিলম্ব না করে একই দিনে সংশ্লিষ্ট জেলা পোস্ট অফিসের (জিইপি) মাধ্যমে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, বকশীবাজার, ঢাকা-১২১১ ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।
উত্তরপত্র যথাযথভাবে প্যাকেটজাত ও সিলগালা করে নির্ধারিত নিয়মে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। উত্তরপত্র পাঠানোর পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ বিষয়ে গত ১৩ আগস্ট জারি করা আগের পত্রটি বাতিল করা হলো।
চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার কেন্দ্রগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















