সংঘাত ও সহিংসতা থেকে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের সুরক্ষা এবং এ বিষয়ে সচেতনতা বাড়াতে আগামী ৯ সেপ্টেম্বর ‘ইন্টারন্যাশনাল ডে টু প্রটেক্ট এডুকেশন ফ্রম অ্যাটাক’ বা ‘শিক্ষা প্রতিষ্ঠানে হামলা প্রতিরোধ সংক্রান্ত আন্তর্জাতিক দিবস’ পালনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এ লক্ষ্যে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা অধিদপ্তরের শাখা-০২ থেকে প্রকাশিত এক স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়। সহকারী পরিচালক মো. রাকিবুল হাসানের সই করা স্মারকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নির্দেশনার কথা উল্লেখ করা হয়েছে।
স্মারকে বলা হয়েছে, কাতারের ‘এডুকেশন অ্যাবাভ অল ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন শেখ মোজা বিনতে নাসেরের প্রস্তাবের ভিত্তিতে ২০২০ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ প্রতি বছর ৯ সেপ্টেম্বরকে ‘ইন্টারন্যাশনাল ডে টু প্রটেক্ট এডুকেশন ফ্রম অ্যাটাক’ হিসেবে ঘোষণা করে।
এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘ক্যান এডুকেশন সারভাইভ অ্যাটাকস? রেজিলিয়েন্স অব হিউম্যান সোসাইটিজ’ (আক্রমণের মুখে কি শিক্ষা টিকে থাকতে পারে? মানব সমাজের স্থিতিস্থাপকতা)।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বিত নির্দেশনায় বলা হয়েছে, ঢাকায় অবস্থিত কাতার দূতাবাসের আবেদনের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সংশ্লিষ্ট বিভাগগুলোতে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছে।
সংঘাতপূর্ণ পরিস্থিতি ও সহিংসতার মধ্যেও কীভাবে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা যায়, হামলার ঘটনায় কীভাবে জবাবদিহি নিশ্চিত করা যায় এবং শিক্ষক-শিক্ষার্থীসহ শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সুরক্ষা কীভাবে নিশ্চিত করা যায় এসব বিষয়ে সচেতনতা তৈরিই দিবসটির অন্যতম লক্ষ্য।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় দিবসটি পালনে আন্তর্জাতিকভাবে তৈরি ‘ডিজিটাল টুলকিট’ ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনলাইনে ডিজিটাল কনটেন্ট, সংক্ষিপ্ত ভিডিও ও সচেতনতামূলক বার্তা প্রচারের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘#UniteToProtect’-এর মতো হ্যাশট্যাগ ব্যবহার করে প্রচার চালাতে পারবে।
এ নির্দেশনা কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব ইঞ্জিনিয়ারিং কলেজ, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, ভোকেশনাল ইনস্টিটিউট, গ্রাফিক আর্টস ইনস্টিটিউট, গ্লাস অ্যান্ড সিরামিকস ইনস্টিটিউট এবং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















