ক্রীড়া প্রতিবেদক: ম্যানচেস্টার ডার্বির আর মাত্র কয়েক দিন বাকি। তার আগে ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলনে দেখা গেল না লুক শকে। চ্যাম্পিয়নস লিগে সাবাহর বিপক্ষে ম্যাচের আগে ইংলিশ এই ডিফেন্ডারকে নিয়ে তাই তৈরি হয়েছে কিছুটা অনিশ্চয়তা।
বুধবার সকালে দলের অনুশীলনে ছিলেন না শ। এর এক দিন পরই চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ইউনাইটেড। এরপর রোববার অপেক্ষা করছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে বড় ডার্বি।
তবে শকে নিয়ে গুরুতর কোনো চোটের শঙ্কা নেই বলে জানিয়েছেন কোচ মাইকেল ক্যারিক। সাংবাদিকদের তিনি বলেছেন, শকে বাড়তি এক দিন বিশ্রাম দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা আগামীকাল দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। বিষয়টি চলমান কোনো সমস্যা নয়, বরং খেলোয়াড়দের ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী স্বাভাবিক ব্যবস্থাপনার অংশ।
অনুশীলনে ছিলেন না ম্যাথিয়াস ডি লিখটও। গত নভেম্বর থেকে পিঠের চোটে মাঠের বাইরে থাকা নেদারল্যান্ডসের এই ডিফেন্ডার ধীরে ধীরে ফেরার পথে আছেন। ক্যারিক জানিয়েছেন, ডি লিখট ভালোভাবেই অনুশীলন করছেন, তবে ফেরার শেষ ধাপটিতে এখনো তাকে সতর্কতার সঙ্গে এগোতে হচ্ছে।
সামনে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ডার্বি থাকায় আজারবাইজানের চ্যাম্পিয়ন সাবাহর বিপক্ষে একাদশে কিছুটা পরিবর্তন আনতে পারেন ক্যারিক। সেই ম্যাচে বেঞ্জামিন সেস্কোকে মৌসুমে প্রথমবারের মতো শুরু থেকে খেলানোর সম্ভাবনাও আছে। শিনের চোট কাটিয়ে ধীরে ধীরে পুরোপুরি ফিট হয়ে উঠছেন এই ফরোয়ার্ড।
সেস্কো সম্পর্কে ক্যারিক বলেছেন, পুরোপুরি ফিট হওয়ার খুব কাছাকাছি আছেন তিনি। অনেকটা সময় মাঠের বাইরে থাকায় তাকে ধীরে ধীরে প্রস্তুত করা হয়েছে। গত মৌসুমে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখা সেস্কো এখন ভালো অবস্থায় আছেন; পরের ধাপ নেওয়ার সময়টাই শুধু ঠিক করতে হবে।

ডেস্ক রিপোর্ট 






















