নীলফামারী প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অঙ্গ সংগঠন জাতীয় কৃষক শক্তি নীলফামারী জেলা কমিটির পরিচিতি সভা ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের নবগঠিত জেলা কমিটির পরিচয় তুলে ধরা এবং কৃষকদের অধিকার আদায়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানাতে এ আয়োজন করা হয়।
রোববার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে (পৌর মার্কেট, দ্বিতীয় তলা) জেলা জাতীয় কৃষক শক্তির উদ্যোগে এ পরিচিতি সভা ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জাতীয় কৃষক শক্তি নীলফামারী জেলা কমিটির আহ্বায়ক মো. মোহাইমেনুর রহমান সানা এবং সদস্য সচিব মো. ইউনুস আলী সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। এ সময় জেলা জাতীয় যুব শক্তির আহ্বায়ক আশিক ইসলামসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কৃষকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কৃষিপণ্যের লাভজনক মূল্য নিশ্চিতকরণ, উৎপাদন ব্যয় কমানো এবং মাঠপর্যায়ে কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধানে জাতীয় কৃষক শক্তি সক্রিয়ভাবে কাজ করবে। একই সঙ্গে কৃষিবান্ধব নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে জনমত গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।
সাংবাদিক সম্মেলনে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের নেতারা এবং কৃষকদের অধিকার ও স্বার্থ রক্ষায় গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা ও সহযোগিতা কামনা করেন।
সভায় সংগঠনের পক্ষ থেকে কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা হয় এবং জেলার কৃষকদের সংগঠিত করে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ডেস্ক রিপোর্ট 





















