রাজশাহীতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬ এর চন্দ্রিমা থানা বাছাই পর্ব সম্পন্ন হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টা থেকে নগরীর চন্দ্রিমা থানাধীন আসাম কলোনী হাফেজিয়া কারিয়ানা কওমী মাদরাসা প্রাঙ্গণে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে থানার ১৩টি হিফজ মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেয়।
৫ পারা, ১০ পারা, ২০ পারা, ৩০ পারা ও ১০ বছরের কম বয়সীদের জন্য সিগারুল হুফফাজ -এই ৫টি বিভাগে প্রতিযোগিতা হয়। পরে ৫০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। বিজয়ীরা আগামী ২৯ অক্টোবর জেলা পর্যায়ে অংশ নেবে।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন জেলা সভাপতি হাফেজ মাওলানা শফিউল্লাহ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইয়াসিন আলী, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম ও হাফেজ আবু তালহা।
পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী- (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। সভাপতিত্ব করেন ১৮ নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও মাদরাসার প্রধান উপদেষ্টা মো. মাসুদ। বিশেষ সহযোগিতায় ছিলেন সমাজসেবক ও মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মহানগর আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সদস্য সচিব ইঞ্জি. মোঃ আরিফুজ্জামান সোহেল।
দিনব্যাপী পবিত্র কুরআন তিলাওয়াতের সুমধুর ধ্বনিতে পুরো অনুষ্ঠানস্থল এক আধ্যাত্মিক ও মনোরম পরিবেশে মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানের আয়োজকরা আশা প্রকাশ করেন বলেন, এ ধরনের প্রতিযোগিতা নতুন প্রজন্মের মধ্যে পবিত্র কুরআন হিফজের প্রতি আগ্রহ বৃদ্ধি, বিশুদ্ধ তিলাওয়াতের চর্চা এবং কুরআনের শিক্ষায় জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডেস্ক রিপোর্ট 






















