মাদারীপুর প্রতিনিধিঃ হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের সুযোগ-সুবিধার খোঁজ নিতে হঠাৎ মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এ সময় মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তিকৃত রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসার খোঁজখবর নেন। পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
চিকিৎসাসেবার মান, ওষুধের প্রাপ্যতা, চিকিৎসক সংকটসহ হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়েও খোঁজ নেন তিনি। পাশাপাশি সরকারি নিয়ম মেনে নির্ধারিত সময়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের যথাসময়ে হাসপাতালে আসতে কঠোর বার্তা দেন। এ সময় রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। সরকারি হাসপাতালে সাধারণ মানুষের চিকিৎসাসেবা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সেই বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাশসহ উপজেলা পর্যায়ে বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।

ডেস্ক রিপোর্ট 






















