চলতি মাসের ৫ তারিখ থেকে জাতীয় ফুটবল স্টেডিয়ামে শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। এজন্য জাতীয় স্টেডিয়ামের মাঠ ভাড়া নিয়েছে টুর্নামেন্টের স্বত্ব কেনা প্রতিষ্ঠান টিএসএ স্পোর্টস এন্ড এন্টারটেইনমেন্ট। জাতীয় ক্রীড়া পরিষদের নির্ধারিত ভাড়া অনুযায়ী, প্রতিদিন ৬০ হাজার টাকা করে দিতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। ৩-১৭ নভেম্বর পর্যন্ত মাঠ বরাদ্দ দেওয়ায় ভাড়া বাবদ জাতীয় ক্রীড়া পরিষদের আয় হবে ৯ লাখ টাকা। মাঠের ভাড়ার বাইরে ফ্লাডলাইট, ডিজিটাল বোর্ড ও অন্যান্য সুবিধার জন্য দিতে হবে আলাদা অর্থ।
সাফের ম্যাচগুলো ৫-১৭ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ৩ নভেম্বর থেকেই এই স্টেডিয়ামের মাঠ বরাদ্দ হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ক্রীড়া জাহেদ পারভেজ চৌধুরি বলেন, ‘বিদ্যমান যে ভাড়ার দাম রয়েছে, সেই মূল্যেই তাদেরকে প্রদান করা হয়েছে। সামনে আমরা এই ভাড়া পর্যালোচনা করব।’
জাতীয় স্টেডিয়াম ফুটবল ও অ্যাথলেটিক্স ফেডারেশন ব্যবহার করে। তবে এই স্থাপনার মালিকানা জাতীয় ক্রীড়া পরিষদের। বিগত সময়ে বাফুফে এই স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করেছে। তাদের কাছ থেকে জাতীয় ক্রীড়া পরিষদ গেটমানির ১৫ শতাংশ ও প্রচার স্বত্বের ১০ শতাংশ অর্থ আদায় করতে পারেনি। এবার সাফ সকল কিছু টিএসএ’র কাছে বিক্রি করায় তারাই সকল কিছু দেখভাল করছে। ভাড়ার বিষয়টি নিষ্পত্তি হলেও টিকিট থেকে প্রাপ্ত গেটমানি এখনো আলোচনার পর্যায়ে। এই বিষয়ে তিনি বলেন, ‘তারা মাত্রই টিকিট বিক্রি শুরু করেছে। টিকিটের বিক্রি থেকে জাতীয় ক্রীড়া পরিষদের আয়ের অংশ নিয়ে আলোচনা চলছে।’
জাতীয় স্টেডিয়ামে প্রেসবক্সে আসন সংখ্যা ১১০। আন্তর্জাতিক ম্যাচ কাভার করতে সাংবাদিকদের সংখ্যা হয় প্রায় দুই’শ জন। প্রেসবক্সের পেছন থেকে খেলা ঠিক মতো কাভার করা যায় না। সাংবাদিকদের অনুরোধে প্রেসবক্সের উপরের ছাদে ১০০টি চেয়ার বসিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। গত বছর এশিয়ান কাপের বাছাইয়ে বাফুফে সেই টিকিটও বিক্রি করে। এ নিয়ে সাংবাদিকদের আপত্তির পর বাফুফে সভাপতি দেখার আশ্বাস দেয়ার পরও বিক্রি হয়েছে।
এবার ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সম্প্রতি স্টেডিয়ামের প্রেসবক্সের ছাদ পরিদর্শনের পর এই লাউঞ্জ সাংবাদিকদের ব্যবহার করার নির্দেশনা দেন। এরপর জাতীয় ক্রীড়া পরিষদ ৩-১৭ নভেম্বর স্কাইলাউঞ্জ সাংবাদিকদের অনুকূলে বরাদ্দের চিঠি জারি করে। বাফুফেও সাফকে টিকিট বিক্রি না করার নির্দেশনা দেয়। সাফের স্বত্ব কেনা প্রতিষ্ঠান টিএসএ ৫ নভেম্বর শুধু ম্যাচের দিন স্কাইলাউঞ্জ ব্যবহারের জন্য সাংবাদিক সংগঠনগুলোতে অনুরোধ করে চিঠি দিয়েছে।
এ নিয়ে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিমও সাংবাদিকদের অনুরোধ করছেন। বাফুফে বরাবরই বলছে, তারা আয়োজনের সঙ্গে নেই টিকিটের দাম ও অন্য ব্যবস্থাপনা সব সাফ করছে। সেখানে সাফের স্বত্ব কেনা প্রতিষ্টানের জন্য বাফুফে সহ-সভাপতির সাংবাদিকদের অনুরোধ বড় প্রশ্নের জন্ম দিয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















