২০১৭ সালে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের সামরিক অভিযান গণহত্যার শামিল ছিল কি না, সেই বিষয়ে জাতিসংঘের সর্বোচ্চ আদালত রায় ঘোষণা করতে যাচ্ছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করার কথা রয়েছে।
আন্তর্জাতিক আইনের আওতায় সবচেয়ে গুরুতর অপরাধের ক্ষেত্রে রাষ্ট্র কীভাবে নিজের দায়বদ্ধতা মূল্যায়ন করে, তার রূপরেখা নির্ধারণ করতে পারে অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এই মামলা।
বিশ্ব আদালত নামে পরিচিত আন্তর্জাতিক বিচার আদালত ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘনের অভিযোগে এক দশকেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম কোনো সুনির্দিষ্ট মামলার রায় দিতে যাচ্ছে। রোহিঙ্গাদের জন্য এই রায় এমন এক বিরল আশার মুহূর্ত হিসেবে এসেছে, যেখানে বিশ্ব আনুষ্ঠানিকভাবে তাদের দুর্ভোগকে স্বীকৃতি দেবে এবং জবাবদিহির দিকে এক ধাপ এগিয়ে যাবে।
মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যে কয়েকটি গণহত্যার ঘটনা ঘটিয়েছিল দেশটির সেনাবাহিনী। এর মধ্যে ইন দিন গণহত্যাকাণ্ড ব্যাপক আলোচিত। ইন দিন গণহত্যাকাণ্ডে স্বামী ও ভাই হারানো ৩৪ বছর বয়সী হাসিনা খাতুন বলেন, ‘‘সেনাবাহিনী আমার স্বামী এবং গ্রামের অন্য পুরুষদের ধরে নিয়ে গিয়েছিল। আমরা আমাদের নিজেদের চোখেই তা ঘটতে দেখেছি।’’
তিনি বলেন, আমার স্বামী চলে গিয়েছিলেন, আমার সন্তানরা ক্ষুধার জ্বালায় কাঁদছিল এবং আমি গর্ভবতী ছিলাম। সাহায্য করার কেউ ছিল না। কোনো রকমে আমরা জীবন নিয়ে বাংলাদেশে পৌঁছেছি।
হাসিনা খাতুন বর্তমানে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির কক্সবাজারে বাস করছেন। সেখানে তারা বাঁশ ও প্লাস্টিকের তিরপল দিয়ে তৈরি ছোট্ট একটি ঘরে বসবাস করছেন।
বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে বসবাসকারী প্রায় ১২ লাখ রোহিঙ্গার ভিড়ে ১৪, ১২ এবং ৯ বছর বয়সী তিন ছেলেকে বড় করছেন তিনি। হাসিনা বলেন, ‘‘আমরা দীর্ঘদিন ধরে এই রায়ের অপেক্ষায় আছি। আমরা আশা করছি, এটি আমাদের জন্য ন্যায়বিচার বয়ে আনবে এবং আমাদের বাড়ি ফিরে যাওয়ার পথ সুগম করবে। আমরা মর্যাদা, নিরাপত্তা, নাগরিকত্ব এবং আমাদের পূর্ণ অধিকার নিয়ে মিয়ানমারে ফিরে যেতে চাই।’’
এই বিষয়ে মন্তব্যের অনুরোধে মিয়ানমারের সেনা-সমর্থিত সরকার কোনো সাড়া দেয়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ডেস্ক রিপোর্ট 





















