পটুয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের একতরফা সিদ্ধান্তে সি-গ্রেড ফার্মাসিস্ট প্রশিক্ষণ কার্যক্রম থেকে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সংশ্লিষ্টতা বাতিলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সংগঠনটির পটুয়াখালী জেলা শাখা। একই সঙ্গে দাবি আদায় না হলে সারাদেশে ওষুধের দোকান বন্ধ রাখাসহ ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়নের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
বুধবার (১৮ নভেম্বর) পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এই ঘোষনা দেওয়া হয়।
বক্তরা বলেন, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ও বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি দীর্ঘ ২২ বছর ধরে যৌথভাবে সি-গ্রেড ফার্মাসিস্ট প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে। সম্প্রতি সমিতিকে অবহিত না করে ফার্মেসি কাউন্সিলের সচিব স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ওই প্রশিক্ষণ কার্যক্রমে সমিতির সংশ্লিষ্টতা বাতিল করা হয়েছে।
এ সিদ্ধান্তকে একতরফা উল্লেখ করে তা বাতিলের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা। তাঁরা পূর্বের মতো বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মাধ্যমে সি-গ্রেড ফার্মাসিস্ট প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়ার দাবি জানান।
তারা আরো বলেন, প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ করা কিংবা সমিতির সংশ্লিষ্টতা বাতিল করা হলে দেশের ওষুধ ব্যবসায়ী ও ফার্মাসিস্টরা ক্ষতিগ্রস্ত হবেন। প্রশিক্ষিত ফার্মাসিস্টের সংখ্যা কমে গেলে ওষুধের দোকানে মানসম্মত সেবা নিশ্চিত করাও কঠিন হয়ে পড়বে। এতে সাধারণ ওষুধসেবীরাও ক্ষতির মুখে পড়বেন।
দাবি আদায় না হলে সারাদেশে ওষুধের দোকান বন্ধ রাখাসহ কেন্দ্রীয় নেতাদের ঘোষিত ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানানো এই মানববন্ধন থেকে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. ইস্তিয়াক উদ্দিন আহমেদ রাহাত ও সিনিয়র সহ-সভাপতি গাজী শহিদুল ইসলাম শাহীন।

ডেস্ক রিপোর্ট 





















