ঈদের ছুটি কাটিয়ে আবারও যাত্রী পরিবহন শুরু করেছে রাজধানীর জনপ্রিয়, বিদ্যুৎচালিত ও দ্রুতগতির গণপরিবহন মেট্রো ট্রেন। রোববার (২২ মার্চ) সকাল থেকে যথারীতি অন্যান্য দিনের মতো যাত্রী পরিবহন শুরু হয় উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে। তবে মেট্রো ট্রেনের ছুটি শেষে যাত্রী পরিবহনের প্রথম দিন হওয়ায় সকাল থেকেই বিভিন্ন স্টেশনে যাত্রীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।
দুপুরে মতিঝিল স্টেশন ঘুরে দেখা যায়, এখানে শতশত মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কিনছেন। লাইনের দৈর্ঘ্য স্টেশনের প্রবেশপথের কাছে চলে গেছে। বেশিরভাগ যাত্রীর গন্তব্য উত্তর-দক্ষিণ, উত্তরা সেন্টার ও উত্তরা উত্তর স্টেশনে। যাত্রীদের টিকিট দিতে দিতে দম ফেলার যেন সুযোগ পাচ্ছেন না টিকিট অফিসাররা।

কনকোর্স প্লাজা থেকে প্ল্যাটফর্মে গিয়ে দেখা যায়, প্ল্যাটফর্মজুড়ে অপেক্ষমাণ মানুষের ভিড়, ট্রেন আসামাত্রই হুড়োহুড়ি করে ওঠার চেষ্টা করছেন তারা। ফলে ট্রেনের প্রতিটি কোচেই তৈরি হচ্ছে তীব্র চাপ। বসার আসন ছাড়িয়ে পুরো কোচে যাত্রীরা দাঁড়িয়ে যাচ্ছেন। অনেক ক্ষেত্রে যাত্রীরা একে অপরের সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে ভ্রমণ করছেন।
মতিঝিল স্টেশন থেকে উত্তরা সেন্টার স্টেশনে যাওয়ার জন্য পরিবার নিয়ে অপেক্ষা করছিলেন আরিফুল ইসলাম। তিনি বলেন, আজ ঈদের দ্বিতীয় দিন। গতকাল তো পরিবার নিয়ে বাসায় কাটিয়েছি। আজ একটু বাইরে বের হলাম। উত্তরার দিকে ঘুরতে যাচ্ছি। শুনেছি, ওদিকে নাকি বিশাল খোলা ময়দান আছে।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে ভ্রমণের জন্য উত্তরার খোলামেলা জায়গাগুলো বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। সেখানে একইসঙ্গে নৌকা ভ্রমণ, খোলা বড় জায়গায় ঘোরাঘুরি, নানা ধরনের রাইড এবং খাওয়া-দাওয়ার ব্যবস্থা থাকায় পরিবার-পরিজন নিয়ে অনেকেই সেদিকে যাচ্ছেন।
এছাড়া রাজধানীতে এখন সড়কপথে যাতায়াত ব্যয়বহুল। শহরের এক মাথা থেকে অন্য মাথায় যেতে অন্যান্য পরিবহনের তুলনায় মেট্রোরেল অনেকটাই সাশ্রয়ী ও দ্রুতগতির। এ কারণেই দিন দিন এই পরিবহন ব্যবস্থার ওপর নির্ভরতা বাড়ছে।

ডেস্ক রিপোর্ট 






















