লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলার সুতার গোপটা এলাকায় একটি ইটভাটায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন দুই শ্রমিক।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মেসার্স এনবিএসি ব্রিকফিল্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইটভাটা শ্রমিক রুবেল (৩০) ও আলাউদ্দিন (৩৫)। তারা উভয়েই সদর উপজেলার ১৭নং ভবানীগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরভুতা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ইটভাটায় কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের সংস্পর্শে আসেন তারা। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয় শ্রমিক শরাফত আলী বলেন, হঠাৎ তারা বিদ্যুতের লাইনের সংস্পর্শে এসে পড়ে যান। আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই, কিন্তু বাঁচানো যায়নি।
এ ঘটনায় শ্রমিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীকে বাঁচানো গেল না আর বলে আক্ষেপ করেন তিনি।
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় আহত অবস্থায় দুই শ্রমিককে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ পারভেজ বলেন, ইটভাটায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি।
ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেস্ক রিপোর্ট 






















