যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনেকেই বিশ্বকাপে নিয়মিতভাবে উপস্থিত থাকতে দেখবেন বলে আশা করেছিলেন। কিন্তু এখন পর্যন্ত তিনি একটি ম্যাচেও উপস্থিত হননি। যদিও যুক্তরাষ্ট্র দল তাদের তিনটি গ্রুপ ম্যাচের মধ্যে দুটি জিতেছে এবং নকআউট পর্যায়ে পৌঁছেছে।
তাহলে তার এই দূরে থাকা কি এটি বিস্ময়কর? তিনি কেন দূরে থাকছেন? ফাইনালের আগে কি তিনি উপস্থিত হবেন? বিবিসি স্পোর্ট এ বিষয়টি বিশদভাবে পর্যালোচনা করেছে।
‘‘আমার সঙ্গী আমেরিকানরা, বিশ্বের নাগরিকবৃন্দ- এই মহোৎসবের আয়োজক হতে পেরে যুক্তরাষ্ট্র সম্মানিত। বিশ্বকাপ আমাদের দেশের কল্পনাশক্তিকে জাগিয়ে তুলেছে, যেমন গত কয়েক বছরে এই খেলাটিও করেছে…তাই বিশ্বব্যাপী সব দেশ ও মহাদেশ থেকে যারা এখানে এসেছেন এবং আগামী ৩০ দিনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই ম্যাচগুলো যারা দেখবেন- সবাইকে আমি স্বাগত জানাই।’’
১৯৯৪ সালের ১৭ জুন শিকাগোর সোলজার ফিল্ডে এসব কথা বলেছিলেন তখনকার মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, যখন তিনি যুক্তরাষ্ট্রে আয়োজিত প্রথম বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন।
সেই দিনটি এখন ক্লিনটনের বক্তব্যের চেয়ে ম্যাচ শুরুর আগে ডায়ানা রসের পেনাল্টি কিক মিস করার জন্য বেশি স্মরণীয়, তবে তার উপস্থিতি এখন আরও গুরুত্বপূর্ণ বলে মনে হয়।
কারণ ৩২ বছর পর দেশটি আবারও এই আসরের আয়োজক, অথচ টুর্নামেন্টের অর্ধেক পথ অতিক্রম করার পরও বর্তমান প্রেসিডেন্ট অনুপস্থিত রয়েছেন। এই মাসের শুরুর দিকে ট্রাম্প টিকিট বিক্রির সংখ্যা নিয়ে ফিফাকে প্রশংসা করে এটিকে তাদের ইতিহাসে সবচেয়ে সফল বিশ্বকাপ বলে অভিহিত করেন এবং ব্যাপকভাবে প্রচলিত এই ধারণাকে জোরালো করেন যে তিনি অত্যন্ত দৃশ্যমান ও উদ্দীপনাময় উপস্থিতি দেখাবেন।
এর আগে প্রস্তুতি পর্বে এই টুর্নামেন্টটি তার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছিল। এমনকি গত বছরের শুরুর দিকে প্রেসিডেন্ট হিসেবে তার অভিষেকের আগের একটি সমাবেশে তিনি এটি উল্লেখও করেছিলেন।
ডিসেম্বরে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ড্র অনুষ্ঠানে ট্রাম্প প্রধান ভূমিকা পালন করেন, যেখানে ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর হাত থেকে তিনি সংস্থার প্রথম শান্তি পুরস্কার লাভ করেন। গত কয়েক বছরে এই দুই ব্যক্তির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। ইনফান্তিনোকে হোয়াইট হাউস ও ট্রাম্পের ফ্লোরিডার মার-আ-লাগো বাসভবনে আমন্ত্রণ জানানোও হয়েছে।
তার দ্বিতীয় মেয়াদে ট্রাম্প যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বড় ক্রীড়া ইভেন্টেও নিয়মিত উপস্থিত ছিলেন—সুপার বোল, গত গ্রীষ্মের ক্লাব বিশ্বকাপ ফাইনাল থেকে শুরু করে বেথপেজে অনুষ্ঠিত রাইডার কাপ গল্ফের উদ্বোধনী দিন পর্যন্ত।
তবে ১২ই জুন লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে, উদ্বোধনী অনুষ্ঠানের পরও, প্রেসিডেন্টের অনুপস্থিতি ছিল লক্ষণীয়; সেখানে তার পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওয়াশিংটন থেকে যান।
তখন মনে হয়েছিল, দুই দিন পর হোয়াইট হাউসের লনে অনুষ্ঠিত একটি আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি) ইভেন্টকে তিনি অগ্রাধিকার দিয়েছিলেন, যা তার ৮০তম জন্মদিন ও যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত হয়।

ডেস্ক রিপোর্ট 






















