রাজধানীর মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে অবৈধ দখল, ভাসমান দোকান ও অননুমোদিত স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। অভিযানে সাতটি মামলায় মোট চার হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ডিএমটিসিএল জানায়, অভিযানে মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল, ফুটপাতে গড়ে ওঠা ভাসমান দোকান এবং অননুমোদিত স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় সাতটি মামলায় মোট চার হাজার ৮০০ টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ীদের ফুটপাত দখলমুক্ত রাখা এবং মেট্রোরেলের যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়ে সতর্ক ও সচেতন করা হয়।
এদিকে কাজীপাড়া মেট্রোরেল স্টেশনের ‘এ’ গেটের সিঁড়ি থেকে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে হস্তান্তর করা হয়।
ডিএমটিসিএল জানিয়েছে, অভিযানের ফলে দুই স্টেশন এলাকা অবৈধ দখলমুক্ত হয়েছে। এতে মেট্রোরেলের যাত্রীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচলের পরিবেশ নিশ্চিত হয়েছে।
অভিযানে এমআরটি পুলিশ, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ডিএমটিসিএলের নিরাপত্তাকর্মীরা সহযোগিতা করেন।

ডেস্ক রিপোর্ট 























