বরিশাল প্রতিনিধি: বরিশালে যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলার মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মাহিন্দ্রার চালক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীসহ আরও পাঁচজন আহত হয়েছেন।
রোববার (৯ আগস্ট) বিকেল ৪টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নগরীর রূপাতলী-দপদপিয়া সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মাহিন্দ্রার যাত্রী ছিলেন। তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে ববি শিক্ষার্থী ইয়াসির আরাফাত রয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় আহত ছয়জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ঘটনাস্থলে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) জুবায়ের জানান, পটুয়াখালী থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি মাহিন্দ্রা বরিশাল নগরীর রূপাতলীর দিকে আসছিল। দপদপিয়া সেতুর টোলঘরসংলগ্ন ঢাল অতিক্রম করার সময় রূপাতলী থেকে যাত্রী নিয়ে কুয়াকাটার দিকে যাচ্ছিল বিআরটিসির একটি বাস। এ সময় বাসটির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রার চালক ও পাঁচ যাত্রী আহত হন।
পরে স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের সার্জারি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় এক যাত্রীর মৃত্যু হয়।
শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়েল চন্দ্র শীল বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে দুর্ঘটনার পর বরিশাল-কুয়াকাটা মহাসড়কের উভয় পাশে যানবাহনের ধীরগতি সৃষ্টি হয়। এতে কিছু সময়ের জন্য সড়কে যানজট দেখা দেয়।
কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। দুর্ঘটনার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডেস্ক রিপোর্ট 






















